জুলাইয়ে আহতদের জন্য আসা বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি দিল সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা করার জন্য আসা বিদেশি চিকিৎসকদের সব ধরনের কর অব্যাহতি দিয়েছে সরকার।

এ বিষয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের দেওয়া ফি, হোটেলে থাকার খরচ, খাবারের ব্যয় ও বিমান ভাড়ার অর্থ পরিশোধের ক্ষেত্রে কর অব্যাহতি দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা করতে বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয়কে কর অব্যাহতির বিষয়ে আদেশ জারি করে এনবিআর।