সরকারি কর্মচারীরা যদি ১৫ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর নেন, তবে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য ১৫ বছর চাকরি করার পর অবসর গ্রহণের সুযোগ দেওয়া হবে এবং তাদের সব সুবিধাসহ পেনশন প্রদান করা হবে। এই প্রস্তাব কর্মজীবনের পথে পরিবর্তন করতে চাওয়া কর্মীদের জন্য একটি সুযোগ হিসেবে কাজ করবে।
বর্তমানে সরকারি কর্মচারীরা ২৫ বছর চাকরি শেষে স্বেচ্ছায় অবসর নিলেও পেনশনসহ সব অবসর সুবিধা পান। এ ছাড়া ২৫ বছর চাকরি শেষে সরকার কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠালে তাদেরও পেনশন সুবিধা প্রদান করা হয়। আরেকটি সুপারিশ হচ্ছে, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) পাঠানোর বিধান বাতিল করার প্রস্তাব।