ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে ওয়াশিংটনে জায়মা রহমান

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন।

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ব্যারিস্টার জায়মা রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাননি। তার প্রতিনিধিত্ব করবেন কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়ে থাকেন। এখানে রাজনৈতিক ভিন্নমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।