ময়মনসিংহে সাইবার নিরাপত্তা আইনের মামলায় ১১ আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ রায় দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক রুনা নাহিদ আকতার।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রবিউল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়ায় গত ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম মুহাম্মদ আজাদ। দীর্ঘ শুনানি শেষে পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে তাদের সবাইকে অব্যাহতি দেন বিচারক।
আইনজীবীরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি মো. নূরুল হক, রেজাউল করিম চৌধুরী, ওসমান গনি মল্লিক মাখন, মাহবুবুর রশিদ তামান্না, আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম সোহাগ, রাইসুল ইসলাম, তফাজ্জল হোসেন, আহসান উল্লাহ আনার, জহিরুল ইসলাম ও শামসুন্নাহার। এ মামলায় দুই মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন ওসমান ও তোফাজ্জল।