ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ক্রেন ভাঙার চেষ্টা করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বুধবার রাত ১১টার দিকে বাড়িটির সামনে আনা হয় ক্রেন এবং রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হচ্ছে এক্সকেভেটর।
সেখানে উপস্থিত ছাত্র-জনতা জানান, অল্প কিছুক্ষণের মধ্যেই এক্সকেভেটর পৌঁছে যাবে ধানমন্ডি ৩২ নম্বরে।
এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, এই ধরনের কর্মসূচির সম্পর্কে তারা অবগত ছিলেন না।
উল্লেখ্য, ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল' কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন।
সরেজমিনে দেখা যায়, রাত ৮টা ৫ মিনিটে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে।