চ্যাটজিপিটিতে এবার যুক্ত হলো নতুন এক ‘এআই এজেন্ট’, যার নাম ‘ডিপ রিসার্চ’। গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই নতুন এই এআই এজেন্টের আগমনের ঘোষণা দেয়। ব্লগ পোস্টে ডিপ রিসার্চ সম্পর্কে বিস্তারিত জানায় বিশ্বের অন্যতম শীর্ষ এই এআই গবেষণা প্রতিষ্ঠানটি। সাধারণভাবে বললে ‘ডিপ রিসার্চ’ হচ্ছে এমন একটি এআই এজেন্ট যেটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিজে নিজেই ইন্টারনেট ব্রাউজ করে তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে যুক্তি সহকারে সেগুলো বিশ্লেষণ করা এবং হাজারো অনলাইন সোর্স থেকে তথ্য একত্র করে বিস্তারিত গবেষণা প্রতিবেদন প্রস্তুত করতে সক্ষম।
অর্থাৎ, ব্যবহারকারীর দেওয়া প্রম্পট অনুযায়ী একাধিক ধাপের গবেষণামূলক কাজ করতে সক্ষম চ্যাটজিপিটি’র নতুন এই এজেন্ট ডিপ রিসার্চ। জেনারেটিভ এআই প্রযুক্তির সাধারণ এআই মডেল বা টুলের তুলনা করলে ডিপ রিসার্চের মতো এআই এজেন্টের মূল সুবিধা হলো এগুলোতে প্রতিটি কাজের জন্য বারবার প্রম্পট দিতে হয় না। ব্যবহারকারী তার প্রয়োজন বলে দিলে, এআই এজেন্ট টুল একাধিক ধাপে সেগুলো নিজে থেকেই সম্পন্ন করতে থাকে। ফলে ব্যবহারকারীর সময় ও পরিশ্রম দুটোই কমবে।
ওপেনএআই দাবি করছে, জটিল ও উন্নত গবেষণামূলক কাজ যেটা স্বাভাবিকভাবে করতে একজন ব্যবহারকারীকে অনেক ঘণ্টা সময় ব্যয় করতে হতো, সেটাই ডিপ রিসার্চ এখন মাত্র ১০ মিনিটে করে দিতে সক্ষম। অর্থাৎ, একজন রিসার্চ অ্যানালিস্টের কাজ করতে সক্ষম ডিপ রিসার্চ।
ওয়েব ব্রাউজিং ও উন্নত ডেটা বিশ্লেষণের সক্ষমতাসম্পন্ন ‘ডিপ রিসার্চ’ এজেন্টটি ওপেনএআই-এর সবচেয়ে উন্নত ‘০৩’ (জিরো থ্রি) মডেলের ওপর ভিত্তি করে তৈরি। উল্লেখ্য, ‘০৩’ (জিরো থ্রি) মডেলটি ওপেনএআই’র বর্তমান রিজনিং এআই মডেল ‘০১’ (জিরো ওয়ানের) উন্নত সংস্করণ, যেটা এখনো আনুষ্ঠানিকভাবে রিলিজ করেনি প্রতিষ্ঠানটি। কিন্তু এজেন্টিক সক্ষমতার ‘ডিপ রিসার্চ’-এর কল্যাণে আগেভাগেই ০৩ মডেলটির স্বাদ নিতে পারেন চ্যাটজিপিটি’র ব্যবহারকারীরা।
‘ডিপ রিসার্চ’ এআই এজেন্টটি আপাতত চ্যাটজিপিটি’র প্রো-সাবসক্রিপশনের ব্যবহারকারীরা অ্যাক্সেস করতে পারছেন। অচিরেই প্লাস ও টিম সাবসক্রিপশনের ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দেওয়া হবে। তবে ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে এটি আদৌ ব্যবহার করা যাবে কি না এ সম্পর্কে এখনোপ কিছুই জানায়নি ওপেনএআই।