পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার

পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থামিয়ে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার সকালে উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর গাজনার বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রবিবার বিকেলে উপজেলা সদরের মথুরাপুর স্কুল গেট এলাকা থেকে আবদুল ওহাবকে গ্রেপ্তারের পর একদল ব্যক্তি পুলিশের গাড়ি থামিয়ে তাকে ছিনিয়ে নিয়েছিলেন। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল  ভোরে পুলিশ সুপার মোরতোজা আলী খানের নেতৃত্বে এক অভিযানে পৌর সদরের মথুরাপুর বটতলা এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওহাবকে ছিনিয়ে নেওয়ার মামলার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।

আব্দুল ওহাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান। গত রবিবার বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ।