বাড়িয়ে টানা দ্বিতীয়বার ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। আর্সেনালকে তারা দুই লেগ মিলিয়ে হারিয়ে দিয়েছে ৪-০ গোলে। উত্তর ইংল্যান্ডের ক্লাবটি ৭০ বছর ধরে ঘরোয়া কোনো শিরোপার মুখ দেখেনি। আগামী ১৬ মার্চ ওয়েম্বলির ফাইনালে টটেনহাম কিংবা লিভারপুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে নিউক্যাসল।
গতকাল রাতে নিউক্যাসলের ঘরের মাঠ জেমস পার্কে শুরু থেকেই নড়বড়ে হয়ে পড়া আর্সেনাল চতুর্থ মিনিটেই গোল খেয়ে বসে। তবে অফসাইডের কারণে গোল হয়নি। ১৯ মিনিটে ইসাকের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলটি ধরেই নিউক্যাসলকে এগিয়ে নেন মার্ফি। বিরতির পর সপ্তম মিনিটে ফাবিয়ান শার থেকে বল পেয়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন গর্ডন।
২০২১ সালে নিউক্যাসলকে কিনে নেয় সৌদি আরবের সভেরেইন ওয়েলথ ফান্ড। এরপর থেকেই পেট্রো ডলারের ঝনঝনানিতে ক্লাবটি বদলে যায়। কিন্তু এখনো তাদের কোনো শিরোপা জেতা হয়নি। ১৯৬৯ সালে মহাদেশীয় টুর্নামেন্টে ইন্টার-ফেয়ার্স কাপ জয়টাই এখনো ক্লাবটির সর্বশেষ শিরোপা হয়ে আছে। গত বছর লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তারা ২-০ গোলে হেরেছিল।