সিলেট বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই ২ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে দুই যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীকালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং থেকে দুই যাত্রীকে আটক করে। পরে শুল্ক গোয়েন্দারা তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ ও তাদের আটক করেন। তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজে এই স্বর্ণ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, আজ সকাল ৮ টা ২৬ মিনিটে আরব আমিরাত থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটটি অবতরণ করে ওসমানী বিমানবন্দরে। এরপর দুই যাত্রীদের কাছ থেকে বিপুল শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানাব।