দেশের দ্বিতীয় বেসামরিক পুরস্কার একুশে পদক। এবার সেই একুশে পদকের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে মনোনীত করা হয়েছে। দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা ক্রীড়াঙ্গনে প্রথম এবং বড় স্বীকৃতি। এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন।
বলেছেন, ‘একুশে পদকের মতো গুরুত্বপূর্ণ পুরস্কারের জন্য আমাদের মনোনীত করায় সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের এই পুরস্কার শুধু নারী দল নয়, পুরো ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলে মনে করি।’
আন্তর্জাতিক অঙ্গনে গত কয়েক বছর দেশের ক্রীড়াঙ্গনের আলোকবর্তিতা নারী ফুটবল দলের হাতেই। নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের ২০২২ ও ২৪ আসরে টানা দুই বার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রীতির দারুণ এক উদাহরণ। গারো, চাকমা, সাওতালসহ আরও কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশাপাশি বাঙালি জনগোষ্ঠীর সম্মিলনে দারুণ এক পরিবার বাংলাদেশের নারী ফুটবল।