বাংলা ভাষায় লেখাকে সহজতর করতে অবিস্মরণীয় অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন অভ্র কি-বোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন। যাদের একজন মেহেদী হাসান খান।
অভ্র কি-বোর্ডের জন্য ২০১১ সালে মেহেদী হাসান খান তথ্য-প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান। ২০২৫ সালে একুশে পদকের স্বীকৃতি তার দীর্ঘ পরিশ্রমের ফল।
মেহেদী হাসান খান রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।