আবারও নিষিদ্ধ হলো পাকিস্তানের ফুটবল। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১৭ সাল থেকে এই নিয়ে তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো পাকিস্তানের ফুটবল।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে পিএফএফকে নিষিদ্ধ করা হয়েছে। এটা গৃহীত হলে সত্যিকার অর্থে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা হবে। একইসঙ্গে পিএফএফে চলমান স্বাভাবিককরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ফিফার বাধ্যবাধকতাগুলোও পূরণ হবে।’
জানা গেছে, পিএফএফএর গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার কিছু সুপারিশ করেছিল ফিফা। কিন্তু পিএফএফ কংগ্রেস ফিফার প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র প্রত্যাখ্যান করেছে। তাই তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায়ও জানিয়েছে ফিফা, ‘পিএফএফ কংগ্রেস যদি ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে অনুমোদন দেয়, তাহলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’
সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের কোনো ফুটবল দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার কাছ থেকে কোনো ধরনের সহায়তাও পাবে না। পিএফএফের ঊর্ধ্বতন কর্মকর্তা হারুন মালিক বলেছেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে পিএফএফের সংবিধানে কিছু সংশোধন করতে চায় ফিফা। তবে পিএফএফ কংগ্রেসের নব-নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ফিফার প্রস্তাবে সম্মত হয়নি।’