চতুর্থবারে কী দুর্ভাগ্য ঘুঁচবে হৃদয়ের!

তাওহীদ হৃদয়, টি-টোয়েন্টির ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে অনেক ক্রিকেটারের আগমন ঘটলেও আকাঙ্খা পূরণ করতে পেরেছেন কেবল তিনিই। তবে বিপিএল ফাইনাল নিয়ে একটি আক্ষেপ গত তিন আসর ধরে বয়ে বেড়াচ্ছেন হৃদয়। শেষ তিনটি বিপিএল ফাইনাল খেললেও এখনো জিততে পারেননি শিরোপা। আজ আরও একটি বিপিএল ফাইনালে সেই দুর্ভাগ্য ঘোঁচানোর চ্যালেঞ্জ হৃদয়ের সামনে।

২০২২ মৌসুমের বিপিএলে হৃদয় ছিলেন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল দলে। সেবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে মাত্র ১ রানে হেরেছিলেন তিনি। শেষ বলে ৩ রানের প্রয়োজনে রানআউট হয়েছিলেন তার পার্টনার মুজিব উর রহমান।

২০২৩ মৌসুমেও কুমিল্লার কাছে হেরে শিরোপা জেতার স্বপ্ন ভাঙে হৃদয়ের। তবে সেই আসরে তিনি ছিলেন নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের তাবুতে। ইনিংস উদ্বোধনে নেমে দুই বলে শূন্য রানে ফিরেছিলেন।

গত আসরে দল বদলে কুমিল্লায় যান হৃদয়। আগের দুই আসরের শিরোপা জেতা কুমিল্লা শক্তিশালী দল হিসেবে ফাইনালে উঠলেও হেরে বসে ফরচুন বরিশালের কাছে। এই ম্যাচে ১০ বলে ১৫ রান করেছিলেন হৃদয়।

এবার ফরচুন বরিশালের হৃদয় ফাইনাল খেলবেন চিটাগং কিংসের বিপক্ষে। চতুর্থবারে এসে তার ভাগ্যে কী লেখা আছে তা জানা যাবে আজ রাতেই। তবে হৃদয়ের ভাগ্যের এমন দশা দেখে স্বভাবতই খুশি হতে পারেন চট্টলাবাসী ভক্তরা।