মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার শরীর ঝলসে দিলো প্রতিবেশী

কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে বরই পাড়া নিয়ে গালমন্দ করায় গরম পানি দিয়ে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার শরীর ঝলসে দিয়েছে প্রতিবেশী। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা জাহানারা (৮০) উপজেলার ডুমুরিয়া গ্রামের মনসুর আলীর মেয়ে।

জানা যায়, জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। দুপুরে পাশের বাড়ির মোশারফ হোসেনের মেয়ে পলি তার গাছ থেকে বরই পাড়েন। এ নিয়ে জাহানারা বেগম রাগান্বিত হয়ে পলিকে গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে পলি ও তার ছোট ভাই শরিফ গরম পানি এনে জাহানারা বেগমের শরীরে ঢেলে দেয়। এতে তার মুখ ও শরীর ঝলসে যায়। মুখে ফুসকা পড়ে যায় জাহানারার।

ঘটনা জানাজানি হলে পলি ও শরিফ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। জাহানারার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এর আগেও মোশারফ ও তার পরিবারের লোকজন প্রতিবন্ধী জাহানারাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল।

মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছেলে মানুষ না বুঝে করে ফেলেছে। এখন জাহানারা বেগমকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাচ্ছি। এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।