মাইকে ঘোষণা দিয়ে মারধর, আহত ৭ জনকে ঢামেকে ভর্তি

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতেরা হলেন—শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন (২২) নাঈম (২১) ইয়াকিবসহ (২৩) আরও একজন।

হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের বন্ধু পিয়াস জানান, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর মসজিদের মাইকে মাইকিং করে তাদের ওপরে হামলা চালানো হয়। এতে তার বন্ধুসহ অনেকেই আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ সকাল পর্যন্ত গাজীপুর থেকে আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ‘গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ১১ জন হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে সাতজনকে ভর্তি নেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।’