রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া তিনটি ককটেল সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, আমরা প্রথমে বেলা সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, তিনটি ককটেল অক্ষতভাবে উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে একটি খোলা মাঠে নেওয়া হয়। পরে সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।