গেল ৫ ফেব্রুয়ারি ৪০ বছর পূর্ণ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে বয়সের ছাপ পড়ছে না তার মাঠের পারফরম্যান্সে। জন্মদিনের পর শুক্রবার প্রথম ম্যাচ খেলতে নেমে জালের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল নাসর ৩-০ গোলে হারিয়েছে আল ফায়হাকে। দলের তৃতীয় গোলটি করেন সিআরসেভেন। এছাড়া জোড়া গোল করেন জন দুরান।
জানুয়ারির দলবদলে অ্যাস্টন ভিলা থেকে আল নাসরে পাড়ি জমান কলম্বিয়ান ফরোয়ার্ড দুরান। সৌদি ক্লাবে অভিষেক ম্যাচে আলো ছড়ালেন ২১ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচের ২২ মিনিটে বক্সের ভেতর থেকে শটে গোল করেন দুরান। ৭২ মিনিটে সাদিও মানের ক্রস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি।
দুই মিনিট পর গোল করেন রোনালদো। ক্যারিয়ারে তার গোল সংখ্যা হলো ৯২৪টি। নতুন বছরে তার গোল হয়ে গেল আটটি। সবশেষ ১২ ম্যাচে গোল করেছেন ১৬টি। এদিন রোনালদোর খেলা দেখতে গ্যালারীতে উপস্থিত ছিলেন রোনালদোর মা। ম্যাচের সময় যখন ৪০ মিনিট পেরোয় মাঠে থাকা ভক্তরা রোনালদো রোনালদো হর্ষধ্বনিতে মাঠ মাতান। তার বয়স ৪০ পূর্ণ হওয়াতেই এই বিশেষ সম্মাননা পান মাঠে উপস্থিত ভক্তদের কাছ থেকে। পরে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, 'একটি জয় এবং ৪০'র পর প্রথম গোল।'
পেশাদার ক্যারিয়ারে এনিয়ে ৭০১টি ম্যাচ জিতলেন রোনালদো। এই জয়ে সৌদি প্রো লিগে তিনে উঠে এসেছে আল নাসর। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।