'টেস্টের চেয়ে টি-টোয়েন্টি কঠিন' রিকেলটেনের কাছে

টেস্ট ক্রিকেটকে কেন টেস্ট বলা হয়, সেটা ক্রিকেটাররা প্রায়ই মনে করিয়ে দেন—এটি আসলেই কঠিনতার পরীক্ষা। তবে রায়ান রিকেলটনের জন্য সবচেয়ে কঠিন ফরম্যাট ছিল টি-টোয়েন্টি। ২০১৬ সালের পর দক্ষিণ আফ্রিকার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান বলছেন টেস্টের চেয়ে টি-টোয়েন্টি খেলাটা বেশি কঠিন।  

রিকেলটনের ভাষায়, "আমি ছোটবেলা থেকে টেস্ট ক্রিকেটার হতে চেয়েছিলাম। ভেবেছিলাম টি-টোয়েন্টিতে কয়েকটা বড় শট মারলেই হবে, কিন্তু টি-টোয়েন্টি আসলে অনেক কঠিন। প্রতিটি বলে রান করার চাপ থাকে, প্রতিপক্ষ আপনার দুর্বলতা খুঁজে বের করে, এবং প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।"  

এটা বুঝতে রিকেলটনের কয়েক বছর সময় লেগেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় সবসময়ই ভালো ছিল, তবে টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স ওঠানামা করছিল। পরে তিনি তার ব্যাটিং কোচ হাশিম আমলার সঙ্গে পরামর্শ করে বুঝতে পারেন, প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা কৌশল দরকার। আমলার মতো একজন কিংবদন্তি ব্যাটারের কাছ থেকে শিখে তিনি নিজের ব্যাটিং আরও পরিণত করেন।  

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে রিকেলটনের প্রথম সুযোগ আসে ২০২২ সালে, তবে প্রথম কয়েকটি ম্যাচে তিনি খুব একটা নজর কাড়তে পারেননি। এরপর চোটের কারণে ২০২২-২৩ মৌসুমে জাতীয় দল থেকে বাদ পড়েন, তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে ফের জায়গা করে নেন। ২০২৪ সাল ছিল রিকেলটনের ক্যারিয়ারের সেরা বছর। তিনি এসএটি২০-তে দলের সর্বোচ্চ রান (৭ ম্যাচে ৩০৩, স্ট্রাইকরেট ১৭৫) সংগ্রাহক হন এবং বছরের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। তার ক্যারিয়ার দ্রুত বদলাতে থাকে। 

২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে নিউল্যান্ডসে তার ২৫৯ রানের ইনিংস তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এটি ছিল দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সপ্তম সর্বোচ্চ টেস্ট ইনিংস। তখনই তিনি বুঝতে পারেন, তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসছে।  

এখন তিনি এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপ টাউনের অন্যতম প্রধান ভরসা। তার টি-টোয়েন্টি ব্যাটিং আগের চেয়ে আরও উন্নত হয়েছে, এবং এবারের আইপিএলও তার জন্য বড় সুযোগ হতে যাচ্ছে। রিকেলটন বলছেন, 'আইপিএল বড় মঞ্চ। দুই-তিন মাস কেমন যাবে, তা নিয়ে আমি একটু নার্ভাস। তবে আপনি কখনোই জানেন না—এখানে যদি ভালো দুটি মাস কাটাতে পারি, তাহলে যেকোনো কিছু হতে পারে।'
রায়ান মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল খেলতে যাচ্ছেন এবার।