আরেকটি জয়ের পথে অজিরা

ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুণারতেœ। তবে বিদায়ী টেস্টটিতে হাসিমুখে মাঠ ছাড়ার উপলক্ষ হয়তো পাবেন না লঙ্কান এই ব্যাটসম্যান। অজি স্পিনে কাবু হয়ে ম্যাচের সঙ্গে সিরিজ হারেরও দ্বারপ্রান্তে রয়েছে শ্রীলঙ্কা। গলে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান তুলেছে স্বাগতিকরা। তাতে অস্ট্রেলিয়ার সামনে লিড দাঁড়িয়েছে মাত্র ৫৭ রান।

তৃতীয় দিনে ৩ উইকেটে ৩৩০ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিলে অজিরা। টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিয়ান স্মিথ ১৩১ রানে থামলেও ক্যারি নিজের ইনিংসটিকে রূপ দেন ড্যাডি সেঞ্চুরিতে। ১৮৮ বলে১৫ চার ও ২ ছক্কায় ১৫৬ করে থামেন ক্যারি। অজিদের প্রথম ইনিংস শেষ হয়  ৪১৪ রানে। প্রভাত জয়সুরিয়া শিকার করেন ক্যারিয়ারে একাদশতম বারের মতো পাঁচ উইকেট।

ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৬ রান করেছিলেন দিমুথ। শেষ ইনিংসটিও স্মরণীয় করে রাখতে পারেননি। ম্যাথিউ কুহনেমানের বলে আউট হন ১৪ রানে থাকা অবস্থায়। তাতে ধসে পড়ে লঙ্কান ইনিংসও। ইনিংস পরাজয়ের লজ্জা থেকে দলকে বাঁচান অ্যাঞ্জেলো ম্যাথিউস। আউট হন ৭৬ রানে। কুশল মেন্ডিস ৪৮ রানে অপরাজিত থেকে দিন পার করেন। প্রথম ইনিংসে তিন শিকার ধরা কুহনেমান এই ইনিংসে নেন ৪ উইকেট। নাথান লায়ন পান ৩ উইকেট। সঙ্গে পেসার বেউ ওয়েবস্টার স্পিনে হাত ঘুরিয়ে নেন একটি উইকেট। ধনঞ্জয়া ও প্রভাতকে তালুবন্দি করে স্টিভেন স্মিথ। নিয়েছেন ১৯৯তম ক্যাচ। আর একটি ক্যাচ নিলেই ফিল্ডারদের মধ্যে পঞ্চম ও প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে দুইশ ক্যাচ নেওয়ার কীর্তি গড়বেন তিনি। ২০২২ সালে সবশেষ পাকিস্তানের বিপক্ষে এশিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল অজিরা। এর পর থেকে চলে আসা অপেক্ষা হয়তো ফুরিয়ে যাবে গল টেস্টের চতুর্থ দিনেই।