ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের প্রতিটি এলাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ছয় মাসে অনেকটা গুছিয়ে নিয়েছে জামায়াত। আগামী নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে কোথায় কাকে প্রার্থী করা হবে ইতিমধ্যে তাও চূড়ান্ত করে ফেলেছে দলটি। খুব শিগগিরই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে দলীয় একাধিক সূত্র।
চট্টগ্রামে জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, কেন্দ্রীয় মজলিসে শূরার একাধিক সদস্যের উপস্থিতিতে জামায়াতের দায়িত্বশীলরা কয়েক দফা বৈঠক করে চট্টগ্রাম মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলার সব কটি আসনের জন্য তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। আগামী কয়েক দিনের মধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে এসব প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের স্ব স্ব নির্বাচনী এলাকায় নিয়মিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে দলের ও প্রার্থীর বিষয়ে ইতিবাচক অবস্থান তৈরির কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী দেশ রূপান্তরকে বলেন, আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে কোথায় কাকে দলীয়ভাবে প্রার্থী করা হবে সে বিষয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আপনারা তা জানতে পারবেন। তবে, দলীয়ভাবে তালিকা প্রকাশের আগে আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।
তবে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল সূত্রগুলোর সঙ্গে আলাপ করে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর তিনটি, উত্তর জেলার সাতটি ও দক্ষিণ জেলার ছয়টি আসনে দলের প্রার্থী তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।