বিইউএফটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান গতকাল শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও বিইউএফটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সমাবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করেন। ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং সমাবর্তনে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এ ছাড়া বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য যথাক্রমে মো. মশিউল আজম (সজল) এবং মোহাম্মদ নাছির বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ ২ হাজার ৭৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের সাতজন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের একজন শিক্ষার্থী চ্যান্সেলরস গোল্ড মেডেল অর্জন করেন। এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের চারজন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের একজন শিক্ষার্থী চেয়ারম্যানস গোল্ড মেডেল অর্জন করেন। ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের চারজন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের তিনজন, ফ্যাশন স্টাডিজ অনুষদের দুজন এবং বিজনেস স্টাডিজ অনুষদের দুজন শিক্ষার্থী। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিয়া আফরিন ভ্যালেডিক্টরিয়ানের বক্তব্য দেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি ও করপোরেট উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকরা। বিজ্ঞপ্তি