রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর ককটেলগুলো উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করে। শেরেবাংলা নগর থানার ওসি গোলাম আজম বলেন, আমরা প্রথমে বেলা সাড়ে ১১টার দিকে খবর পাই। ফার্মগেটের যে অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে, সেই জায়গায় বোমা সদৃশ বস্তু আছে- এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।