বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খবর বাসসের
গত বছরের ৩০ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ রুল (অ্যাবসিলিউট) মঞ্জুর করে রায় দিয়েছিল। রায়ে মামলাগুলো বাতিল করা হয়। এই আট মামলার মধ্যে বাস পোড়ানোর অভিযোগে দারুস সালাম থানায় ২০১৫ সালের ২৯ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ১ মার্চ, ৩ মার্চ এবং যাত্রাবাড়ী থানায় ২৪ জানুয়ারি, ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি এসব মামলা করা হয়। পরে এসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এ অবস্থায় ২০১৭ সালে আলাদাভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে রুল মঞ্জুর করে রায় দেয় হাইকোর্ট।