ডিআইজি মোল্যা নজরুলসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

পুলিশের সাবেক ডিআইজি ও গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও তিন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১২টার দিকে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। গতকাল দুপুরের পর তাকে ঢাকার ডিবি কার্যালয়ে আনা হয়। রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশ তাকে আটক করে ঢাকায় নিয়ে আসে। তা ছাড়া রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আটক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন।