আয়নাঘর সন্দেহে ভবন থেকে পানি সরানো হচ্ছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দু’টি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় পাশের একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে কয়েকতলা ফ্লোরের সন্ধান মিলেছে এবং সেখানে পানি জমা আছে। অনেকেই পানি জমে থাকা ওই আন্ডারগ্রাউন্ড ‘আয়নাঘর’ বলে সন্দেহ পোষণ করছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পানি তোলার কাজ শুরু হয়। সেচযন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে, সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না।

এখানে পানি কীভাবে এলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেজমেন্ট ওয়ান এবং বেজমেন্ট টুতে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। সেই পানি আমরা সরিয়ে দিচ্ছি। এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা।

কতদিন আগের পানি হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনটা নতুন। খুব বেশি দিন আগের পানি হবে না। পানিটা দেখে খুব বেশিদিন আগের মনে হচ্ছে না।