বগুড়ার শেরপুরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাজিপুর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত ম্যুরালটি এস্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন তারা।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত ছাত্র-জনতা ম্যুরালটি বিকৃত করেছিল। তবে, গত রাতে ম্যুরালটি গুঁড়িয়ে দিলেও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ এর সকল অবকাঠামো আগের মতই রয়েছে।
এলাকবাসী জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে স্থানীয় বাসস্ট্যান্ডে জড়ো হন অর্ধশতাধিক ছাত্র-জনতা। পরে তারা এস্কেভেটর নিয়ে গিয়ে হাজিপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন।
এ সময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দূর্জয়, ফেরদৌস, নাজমুল বলেন, 'এটি একটি স্বৈরাচারের প্রতীক। আমরা সাধারণ ছাত্ররা মিলে এই ম্যুরাল ভাঙচুর করেছি যাতে এই চিহ্নকে পুঁজি করে বাংলার মাটিতে আর কেউ কোনো ড়যন্ত্র করতে না পারে। এই দেশ কারো বাপের না। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে দেখতে চাইনা, রাখতে চাই না।'