ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

চার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাওয়া অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের থামাতে লাঠিচার্জ করেছে পুলিশ। লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যেতে চাইলে হাইকোর্ট এলাকার সামনে তাদের ধাওয়া দেয় পুলিশ। এক পর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা পুলিশি বাধা ও ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়।