মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘প্রধান উপদেষ্টা একটা ঘোষণা দিয়েছেন- ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারেন। দেশে সংস্কার জরুরি, সংস্কার যদি শেষ না হয় এবং রাজনৈতিক দলগুলো একমত হলে সর্বশেষ ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম-সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তরুণদের বিশাল একটা আন্দোলনের পরে দেশে একটা পরিবর্তন এসেছে। কিন্তু সবকিছু তো পরিবর্তন হয়নি। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা অনেকেই এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এটার কারণেই দেশে নানা রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে। যেসব ঘটনা ঘটছে এটা সাময়িক, দীর্ঘস্থায়ী হতে পারে না। এখন আইনশৃঙ্খলা বাহিনী অনেক সক্রিয় ভূমিকা রাখছে। আমরা দেশকে সংস্কার করে, দেশের যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করে যাতে নির্বাচন দিয়ে যেতে পারি সেই পরিস্থিতিই আমরা তৈরি করতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য উপদেষ্টা বলেন, হাওরের পাখি শিকার করে যারা আনন্দ পান তাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে। এটা একটা নির্মম এবং অমানবিক কাজ। এই কাজটা করা ঠিক হবে না। এটি দেশের জন্য ক্ষতি, প্রাণ প্রকৃতির জন্য ক্ষতিকর। এ জন্য দেশের প্রচলিত আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার কবীর, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো.আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনসহ স্থানীয় উপকারভোগীরা।