যাত্রা শুরু করল জাভেদ ওমর ইনিশিয়েটিভ

পিছিয়ে পড়া উদীয়মান খেলোয়াড়, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের অসহায় মানুষকে সহযোগিতার ব্রত নিয়ে যাত্রা শুরু করেছে ‘জাভেদ ওমর ইনিশিয়েটিভ’। সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমের এই উদ্যোগের সহযোগিতা করছে ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান 'দা প্লাস্টিসিটি'। 

রবিবার রাজধানীর একটি রেস্তোরায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়। 
সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমের সার্বিক ব্যবস্থাপনায় ও ক্রীড়া সাংবাদিক সৈয়দ আবিদ সামির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন 'দা প্লাস্টিসিটি'র ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মোহাম্দ আশরাফুল, হকির সাবেক তারকা মামুনর রশিদ, সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র, মোস্তফা মামুন ও এমএম কায়সার। 

ওয়েব সাইটের ইনিশিয়েটর জাবেদ ওমর বেলিম বলেন, সমাজে অনেক উদীয়মান ছেলে মেয়ে আছে যারা আর্থিক অসচ্ছলতার কারণে প্রতিভা থাকা সত্ত্বেও ক্রীড়াঙ্গনে তাদের প্রতিভার প্রতিফলন ঘটাতে পারে না। এছাড়াও স্কুল-কলেজে পড়ুয়া অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যায় লেখাপড়া চালিয়ে যেতে সমস্যায় পড়ে। এমনকি আমাদের চারপাশে অনেক অসহায় ও অসচ্ছল লোকজন আছে যারা অর্থের অভাবে চিকিৎসা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। javedomer.com এর চেষ্টা থাকবে এ সমস্ত লোকদের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা। এব্যাপারে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

সবশেষ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।