সিলেটে জামায়াত আমির

নির্বাচিত সরকার হলেই ভালো সরকার হয় না

নির্বাচিত সরকার হলেই ভালো সরকার হয় না, ভালো মানুষের সরকার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নির্বাচন তো আমরা সবাই চাই। নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করতে হবে। কিন্তু এর আগে আমরা দুইটি জিনিস চাচ্ছি, তা হলো কিছু মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার। না হলে নির্বাচনই হত্যা হয়ে যাবে।’

রবিবার (৯ ফেব্রুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সমাজে সত্যিই অনেক ডেভিল (শয়তান) রয়েছে। অপারেশন ডেভিল হান্টে যদি সত্যিকারের ডেভিলরা হান্ট হয় (ধরা পড়ে), তবে দেশের ১৮ কোটি মানুষ যৌথ বাহিনীসহ অভিযানকারীদের জন্য দোয়া করবে এবং সাথে থাকবে।’ 

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো ছিল না। কখনো কিছুটা ভালো হয়েছে, আবার কখনো খারাপ হয়েছে; খুব ভালো কখনো হবে না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত সঠিক না হবে, ওই সিদ্ধান্ত যখন সঠিক ও সততার সঙ্গে হবে, তখনই কেবল আইনশৃঙ্খলা নয়, দেশের সামগ্রিক অবস্থার উন্নতি হবে, এর সঙ্গে সবকিছুই সম্পৃক্ত।’ 

জামায়াত আমির বলেন, ‘যারা আন্দোলনকারীদের ওপর গুলি করেছে, তাদের বিচার হতেই হবে। তারা দুর্বৃত্ত। তবে আমরা দেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ চাই না।’

এদিন দুপুরে সিলেট জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, ন্যায় ও ইনসাফের। যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশের অধিকার পাবে। প্রত্যেকে তার ন্যায্য অধিকার যথাযথভাবে ভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে অন্যায়ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। দেশব্যাপী আমাদের নেতাকর্মীদেরকে অমানবিকভাবে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, শহীদ করা হয়েছে। মুসলিম দেশে স্বাভাবিক ধর্ম-কর্ম পালন করাও মানুষের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। শহীদদের রক্তের ফোঁটা ও মজলুমের চোখের জলের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে এখন সকলে মিলে গড়তে হবে। কোনো বিভেদ-বিভাজন তৈরি করে এই অগ্রযাত্রাকে থামতে দেওয়া যাবে না।’ 

তিনি আগামীর বাংলাদেশ গঠনে প্রয়োজনে আগের থেকেও আরও বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে এবং সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।