১০০ টাকায় সয়াবিন তেলসহ ছোলা-খেজুর বিক্রি করবে টিসিবি

আজ থেকে সাশ্রয়ী মূল্যে বোতলজাত সয়াবিন তেলসহ পাঁচটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে এসব পণ্য ক্রয় করতে পারবেন যেকোনো ভোক্তা। গতকাল রবিবার টিসিবি থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ১০ ফেব্রুয়ারি শুরু হবে।

একজন সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর প্রতি কেজি চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি।

এদিকে ভোজ্য তেলের বাজারে দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে পরিশোধিত-অপরিশোধিত রাইস ব্রান তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি) আরোপ করেছে সরকার। গতকাল এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছর ডিসেম্বরে এ পণ্য দুটির ওপর শুল্ক বসাতে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।