নরকিয়ার বদলে বশ
চ্যাম্পিয়নস ট্রফির দক্ষিণ আফ্রিকা দলে থাকছেন না আনরিখ নরকিয়া। ইনজুরির কারণে শেষ হয়ে গেছে তার চ্যাম্পিয়নস ট্রফি। নরকিয়াকে ছাড়াই পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের জন্য উড়াল দিয়েছে প্রোটিয়ারা। তবে আশা ছিল দলে ফিরবেন তিনি। সেটি আর হয়নি। ৩০ বছর বয়সি বোলিং অলরাউন্ডার করবিন বশ ইনজুরি আক্রান্ত আনরিখ নরকিয়ার বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে যুক্ত হচ্ছেন। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষেই সিরিজে অভিষেক হয়েছিল বশের। একইসঙ্গে স্কোয়াডে আরেকজনকে সংযুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। বোলার কিওয়ানা এমফাকাও যুক্ত হচ্ছেন দলের সঙ্গে। তিনি পাকিস্তানে যাবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। এমফাকাকে নেওয়া হচ্ছে জেরাল্ড কোটজের বিকল্প হিসেবে।
রাচিনের মাথায় আঘাত
চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে পাকিস্তান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজন করেছে ত্রিদেশীয় সিরিজের। সেই সিরিজের প্রথম ম্যাচে শনিবার নিউজিল্যান্ড ৭৮ রানে হারায় পাকিস্তানকে। তবে ম্যাচটি চলাকালে ক্যাচ নিতে গিয়ে আহত হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। তাতে প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের আলোক ব্যবস্থাপনা নিয়ে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের ইনিংসের ৩৮তম ওভারের ঘটনা। মিচেল ব্রেসওয়েলের বলে খুশদিল শাহ ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে উড়িয়ে মারেন। সেখানে ফিল্ডার ছিলেন রাচিন। তিনি ক্যাচ ধরার চেষ্টা করে বলের কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ফ্লাডলাইটের আলো পড়ায় শেষ মুহূর্তে তার চোখ ধাঁধিয়ে যায়।