বিপিএলে টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এবার চিটাগং কিংসকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরই দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, তারা ট্রফি নিয়ে যাবেন বরিশালে। সেই কথা রাখতেই গতকাল রবিবার পুরো দল নিয়ে বরিশালে যায় ফরচুন বরিশাল।
তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের বরণ করে নিতে বরিশালের বেলস পার্কে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। তবে অল্প কিছু সময় মঞ্চে থেকে চলে যান তামিম-মুশফিকরা। পরে এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজ বরিশালে এসেছিলাম। দুদিন আগেও আমরা কথা দিয়েছিলাম আমরা বরিশালে আসব। আমাদের অনেক পরিকল্পনা ছিল এই কারণেই আমরা পুরো দল নিয়ে বরিশালে এসেছিলাম, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সঙ্গে কথা বলব। প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবে। আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে।’ তামিম দুঃখ প্রকাশ করে জানিয়েছেন নিরাপত্তার কারণেই তাদের দীর্ঘ অনুষ্ঠান অল্পতে শেষ করতে হয়েছে। ‘দুর্ভাগ্যবশত আমাদের স্টেজে খুব কম সময় থাকতে পেরেছি আমরা কারণ আমার জীবনে আমি এত মানুষ একসঙ্গে দেখিনি। কম হলেও দেড় থেকে দুই লাখ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য। এটা একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না। আপনি যদি লক্ষ করে থাকেন, আমরা যখন বাস নিয়ে ঢুকছিলাম আমাদের বাসের ওপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের নিরাপত্তা দল থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয় এটা আসলে সেফ না।’