পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত প্রস্তুত করা হবে। ইতিপূর্বে চায়নার সঙ্গে যে মহাপরিকল্পনা চুক্তি হয়েছিল তা টেকসই হতো না, তাই পরিকল্পনায় কী থাকবে বা কী থাকবে না এজন্য পানি উন্নয়ন বোর্ড এবং আপনাদের মতামত নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।
গতকাল রবিবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেলব্রিজ এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, তিস্তা কোনো দেশের একক নদী না। কেউ যদি মনে করে তিস্তা কারও একক নদী তা হবে তাদের ভুল ধারণা। কেউ যদি আমাদের বন্ধু হয়, তা হলে বর্ষাকালে পানি ছাড়ার আগে কেন আমাদের জানান না। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের অনেক প্রত্যশা, কিন্তু আমাদের কাছে তেমন অর্থ নেই, তবু তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদ্যোগ গ্রহণ করেছি।