ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছেন সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে ‘কথা কাটাকাটির’ জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানায় পুলিশ।
ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, ‘আগে থেকেই এ কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। কয়েক দিন পর পর ‘সামান্য বিষয়’ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। রবিবারও কথা কাটাকাটির জেরে নিজেদের ‘ইগো’ থেকে সংঘর্ষে জড়িয়েছে তারা। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে দুপক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, ‘অভিভাবকরা সচেতন না হলে এটার স্থায়ী সমাধান সম্ভব নয়। শিক্ষক ও অভিভাবকদের বড় ভূমিকা পালন করতে হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নেয়। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সিটি কলেজের নামফলক খুলে ফেলে। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচলে বিঘœ ঘটে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেদিন ১৮ জন আহত হন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওই দিন আইডিয়াল কলেজের নামফলকও খুলে নিয়ে যেতে দেখা যায়। এর পাঁচ দিন পর ঢাকা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন আইডিয়ালের শিক্ষার্থীরা।
ঢাকার সায়েন্স ল্যাব মোড়ের কাছে এক কিলোমিটারেরও কম দূরত্বে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের ক্যাম্পাস। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছরই কয়েকবার করে সংঘর্ষে জড়ায় নানা কারণে।