গোল পাননি নেইমার, জয় পায়নি সান্তোস

ব্রাজিলিয়ান ফুটবল লিগ পোলিস্তার অষ্টম রাউন্ডে রবিবার (৯ ফেব্রুয়ারি) নভোরিজোন্তিনো ও সান্তোসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। হোসে ইস্মায়েল দে বিয়াসি স্টেডিয়ামে খেলা হলেও দু'দলই গোলের ভালো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। ৭৪ মিনিট মাঠে থাকা নেইমারও তেমন কোনো ছাপ ফেলতে পারেননি। প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ, আর দ্বিতীয়ার্ধে প্রচণ্ড গরমের কারণে দুই দলের খেলায় গতি কমে যায়।

ম্যাচের শুরুতে সান্তোস বেশি সময় বলের দখলে রাখলেও নভোরিজোন্তিনো ছিল পাল্টা আক্রমণে সক্রিয়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ আসে স্বাগতিকদের সামনে। কর্নার থেকে সৃষ্ট গোলমুখী একটি শট আটকে দেন সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও।

সপ্তম মিনিটে আরও একবার আক্রমণে ওঠে নভোরিজোন্তিনো। ফ্রি-কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও সান্তোসের রক্ষণভাগ বল দূর করতে সফল হয়। ১৭তম মিনিটে ডিয়েগো পিতুকা দারুণ একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু স্বাগতিক গোলরক্ষক আইরটন দুর্দান্ত সেভ করেন।

২৭ মিনিটে পাবলো দিয়েগো শ্বাসরুদ্ধকর এক ভলিতে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন, কিন্তু ব্রাজাও অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন। এক মিনিট পরই রবসন একেবারে ফাঁকায় বল পেলেও সঠিক সংযোগ ঘটাতে ব্যর্থ হন, সহজেই বল ধরে ফেলেন ব্রাজাও।

ইনজুরি টাইমে নেইমার একটি আক্রমণ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার পাস প্রতিহত করেন গোলরক্ষক আইরটন। প্রথমার্ধের শেষ মুহূর্তে সান্তোস কর্নার পেলেও ইয়েফারসন সোটেলদো ভুলভাবে বল স্পর্শ করে তা বাইরে পাঠান।

বিরতির পর নভোরিজোন্তিনো আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই রবসন ও ওয়াগনিনহো দুটি শট নেন, কিন্তু ব্রাজাও দু'বারই রক্ষা করেন।

৮ মিনিটে রবসন দ্রুতগতিতে আক্রমণে উঠে ফাউলের শিকার হলে সান্তোসের ডিফেন্ডার জে ইভালদো হলুদ কার্ড দেখেন। ফ্রি-কিকটি প্রতিহত করে সান্তোসের রক্ষণ।

১৩ মিনিটে নেইমার কিছুটা আলো ছড়ানোর চেষ্টা করেন। বাঁ দিক থেকে গিলহারমেকে পাস দিলে তিনি বল বাড়ান জোয়াও শমিটের উদ্দেশে। তার নেওয়া শট দুর্দান্তভাবে রুখে দেন আইরটন।

২৫ মিনিটে পাবলো দিয়েগো আরও একবার চেষ্টা করেন, তবে ব্রাজাও দারুণ দক্ষতায় প্রতিহত করেন শটটি। শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গোলশূন্য সমতায় শেষ হয়।

এই ড্রয়ের ফলে দুই দলই গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাল, আর নেইমারের ফর্ম নিয়েও প্রশ্ন থেকে গেল।