চট্টগ্রাম নগরীর বলুয়ারদিঘী পশ্চিম পাড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় শ্বাসরোধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার ভোর ৬টা ৪০ মিনিটের এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় সেমিপাকা বসতঘরের পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এসব কক্ষ থেকে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতরা সম্পর্কে স্বামী- স্ত্রী। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আগুনে মোট ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৫ লাখ টাকার মালামাল।