জাতীয় ঈদগাহ মাঠে বিচারপতি আবদুর রউফের জানাজা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুর রউফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় জাতীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত জানাজায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক, আইনজীবী, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাকে শেষ বিদায় জানান।

জানাজায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অন্তর্বতী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকগণ, সিইসি এ এম এম নাসির উদ্দিন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখসহ আইনজীবীরা অংশ নেন।

জানাজা শেষে প্রধান বিচারপতির পক্ষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

গত রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল রউফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ওই দিন মরহুমের প্রথম নামাজে বাদ আসর গুলশান গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হয়।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন আবদুর রউফ। গত  শতকের ষাটের দশকের শুরুতে তিনি আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু  করেন। ১৯৮২ সালে তিনি হাইকোর্টে বিচারক হিসেবে যোগ দেন। নব্বইয়ের শেষ দিকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে এইচ এম এরশাদ সরকারের পতন হলে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। বিচারপতি আবদুর রউফকে তখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে চার বছরের বেশি সময় তিনি এ দায়িত্বে ছিলেন। ১৯৯৫ সালের জুনে তিনি আপিল বিভাগের  বিচারক হিসেবে নিয়োগ পান। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।