কুষ্টিয়ায় মাদক পাচার জেরে যুবককে গুলি করে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে রাজু (১৮) নামে এক তরুণকে গুলি করে হত্যা অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মা নদীর চরে তাকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। নিহত রাজু বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে রাজুকে গুলি করে দূর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় রাজু চরের মাঠে পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পদ্মার চরে অবৈধভাবে বালি উত্তোলনকারীদের সাথে চাঁদা আদায়ের ঘটনা এবং সীমান্ত এলাকার মাদক পাচার ও ব্যবসায়ীদের সাথে বিবদমান দ্বন্দ্বের জেরে রাজু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘গভীর রাতে পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ তদন্ত করে দেখছে কারা এই হত্যাকাণ্ডে জড়িত। জড়িতদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করেনি পুলিশ।