চরমোনাই পীর

স্বার্থান্বেষী মহল ধোকা দেয়ায় ৫৩ বছর সংসদে যেতে পারি নাই

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘অনেকে ভয় দেখায় ইসলাম ক্ষমতায় আসলে যদি কেউ চুরি করে তাহলে হাত কেটে দেওয়া হবে। যদি এমনই হয় তাহলে বাংলাদেশের নেতাদের হাতই থাকবে না। বাস্তবতা হলো ইসলাম সকল মানুষের হাত কাটার নির্দেশ দেয় নাই। দেশের যেসব এমপি-মন্ত্রীদের স্বভাব চোরের তাদের যদি একজনের হাত কর্তন করা হয় তাহলে পুরো বাংলাদেশ চোরমুক্ত হবে।’ মঙ্গলবার বিকেল ৪টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘আমি আমার ভাইদের বলবো- ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নেই। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে। আর অন্য ধর্মাবলম্বীরা থাকবে শান্তির লক্ষ্যে। আপনারা দেখে থাকবেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান মাঠে যুব কনভেনশনে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব তার বক্তব্যে বলেছেন ‘কথা কাজে ঠিক পাই, পীর সাহেব চরমোনাই।’’ 

আগামীর রাজনীতি নিয়ে রেজাউল করিম বলেন, ‘আমরা গত ৫৩ বছর সংসদে যেতে পারি নাই কারণ স্বার্থন্বেষী মহল আমাদের বোকা পেয়ে ধোকা দিয়েছে। ক্ষমতায় বসে ইসলামী দলের কথা ওদের মনে নেই। আমাদের ব্যবহার করে ইসলামকে আর যেন ধ্বংস করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

তিনি বলেন, ‘আল্লাহ আজ আমাদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক দান করেছেন। ইসলামী আন্দোলনকে ছোট মনে করলে হবে না। যখন দেশে কোনো ষড়যন্ত্র হয় তখন ইসলামী আন্দোলন প্রতিবাদী হয়ে রাজপথে আওয়াজ তোলে। তখন বদমাইশদের কলিজায় থরথর কাঁপন ধরে।’ গণসমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।