অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক জহিরুল ইসলামের দুটি গ্রন্থ। জীবন সংগ্রামের উপন্যাস 'অধরা স্বপ্ন' এবং কিশোর ভৌতিক 'তিন বন্ধু ও অজানা রহস্য' গ্রন্থ দুটি প্রকাশ করছে টাঙ্গন প্রকাশনী। মেলার প্রথম সপ্তাহ থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গনের স্টলসহ মোট দুটি স্টলে গ্রন্থগুলো পাওয়া যাচ্ছে। এ ছাড়া রংপুর, খুলনা ও মানিকগঞ্জ বইমেলায় টাঙ্গনের স্টলে মিলছে বইগুলো।
'অধরা স্বপ্ন' উপন্যাসের মূল চরিত্র এক সময়ের দুরন্ত কিশোর আরেক সময়ের পরিবারের স্বপ্নখুঁটি নিজাম। তার কিশোর বয়সের প্রেম-ভালোবাসা এবং সংগ্রামের আবেগ ছাড়িয়ে বাবার মৃত্যুতে নতুন পথের যাত্রা! বাবার মৃত্যুর আঘাতেও থেমে না থাকা। বাবার পাকাঘরের স্বপ্নপূরণের চিন্তা শত বাধা আর দারিদ্রতার মধ্যেও কখনো ভুলে না যাওয়া। গল্পের নায়ক স্বপ্নের কাছে গিয়েও সিত্রাং এর আঘাতে এক রাতেই স্ত্রী, কন্যাসহ মৃত্যুকে আলিঙ্গন! পাঠককে কাঁদাবে।
অন্যদিকে কিশোর ভৌতিক 'তিন বন্ধু ও অজানা রহস্য' গ্রন্থটি তিন কিশোরকে নিয়ে। যারা অজানাকে জানার আগ্রহ নিয়ে চলতে পছন্দ করে। বের করে আনে নানা ধরনের ভৌতিক কল্প-কাহিনীর পেছনের গল্প। সেখান থেকে সত্য-মিথ্যার পার্থক্য করা, মানুষকে ভালোবাসা, লোভ পরিত্যাগ করাসহ জীবন ঘটনে তারা নেন অনেক শিক্ষা। বইটি কিশোরদের যেমন রহস্যভেদে আগ্রহী করে তুলবে তেমনি বড়দের ফিরিয়ে নিয়ে যাবে কিশোর বয়সে।
অধরা স্বপ্ন নিয়ে জহিরুল ইসলাম বলেন, 'জীবনের অনেক অপরিহার্য কিছু হারিয়ে গেলেও জীবন থেমে থাকে না। সময়ের সাথে সাথে অপরিহার্য বিষয়টি অপ্রয়োজনীয় হয়ে ওঠে। জন্মের পর থেকেই এই পাওয়া না পাওয়ার খেলা চলতে থাকে। গল্পের নায়ক নিজাম জীবনের স্বপ্নের মণিকে ছুঁয়ে দেখার জন্য এক সময় বিদেশ যাত্রা করেন। প্রবাসে থেকে অর্থ উপার্জন করে দেশের ফেরেন। এর মধ্যে বিচ্ছেদ, সন্তানের অসুস্থতা, নিজের অসুস্থতা, সামাজিক চাপ ও কুসংস্কার কত কিছুই না দেখতে হয় তাকে। এসব কিছু উৎরাতে সব সময় পাশে পান স্ত্রী সাথীকে। অনেক ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যাওয়া গল্পের শেষ হয় বুক ভাঙা হাহাকার দিয়ে।'
‘অধরা স্বপ্ন’ এবং 'তিন বন্ধু ও অজানা রহস্য' গ্রন্থ দুটি প্রকাশ করছে টাঙ্গন প্রকাশনী। বই দুটি সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গনের ৯ নম্বর স্টল, বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র ৯৬২ নম্বর স্টল (নজরুল মঞ্চের সামনে) এ পাওয়া যাচ্ছে। প্রদর্শনীর জন্য রাখা হয়েছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৯২ নম্বর স্টলে। এ ছাড়া রকমারি ডটকমসহ বইটি মিলবে বিভিন্ন অনলাইন প্লাটফরমেও।