ভাঙছে আবাহনী গড়ছে মোহামেডান

বিপিএল শেষ হতে না হতেই এবার জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে আলোচনা। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের এবারের আসরটির দলবদল আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি। দল গঠনের লড়াইয়ে ইতিমধ্যেই আলোচনায় মোহামেডান, আবাহনী ও প্রাইম ব্যাংক।

ক্লাব ক্রিকেটে প্রভাবশালী দল হিসেবে পরিচিত আবাহনী এতদিন ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল। কিন্তু সময় বদলেছে, পাল্টেছে রাজনৈতিক সমীকরণও। আর সেই পরিবর্তনের ঢেউ এসে লেগেছে ক্রিকেটেও। এবার দলবদলে আবাহনী নয়, বড় দল গড়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে মোহামেডান।

নতুন রূপে মোহামেডানের স্বপ্ন এবার চ্যাম্পিয়নশিপের!

বেশ কয়েক মৌসুম ধরে ঢাকার লিগে সাদা-কালো শিবিরের প্রভাব ছিল অনেকটাই মøান। তবে এবার যেন ঘুরে দাঁড়ানোর মিশন নিয়েছে মোহামেডান। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের তারকাদের দলে টেনে শক্তিশালী স্কোয়াড গড়ছে ক্লাবটি। ইতিমধ্যেই তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তারকাদের নিয়ে দল সাজিয়েছে তারা।

গুঞ্জন আছে, এবার ৭ কোটি টাকার দল গড়েছে মোহামেডান! তবে ২০২২ সালেও ৮ কোটি টাকা খরচ করে দল গড়েছিল তারা। কিন্তু সফলতা আসেনি। উল্টো সেবার রেলিগেশনে যাওয়ার শঙ্কা জেগেছিল।

মোহামেডান স্পোর্টিং লিমিটেড : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, আরিফুর ইসলাম ইথুন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

হান্নানের কাঁধে আবাহনীর ভার

ডিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল আবাহনী এবার নতুন চ্যালেঞ্জের মুখে। দল গোছানোর দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। গেল মৌসুমের চ্যাম্পিয়ন দলটি এবার নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদ রানাকে রেখে দিয়েছে। নতুন করে দলে যোগ দিয়েছেন মোহাম্মদ মিঠুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, আফিফ হোসেন, আনামুল হক বিজয়, রিপন মণ্ডল, মাহফুজুর রহমান রাব্বির মতো ক্রিকেটাররা।

প্রাইম ব্যাংকের পরিকল্পিত দল গঠন চমক থাকছে?

প্রাইম ব্যাংক এবার ভিন্ন কৌশলে এগিয়েছে। দলবদলের বাজারে বড় নামের চেয়ে কার্যকর ক্রিকেটারদের দিকে মনোযোগ দিয়েছে দলটি। দল গঠনের দায়িত্বে থাকা কোচ তালহা জুবায়ের নিজেই জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা।

প্রাইম ব্যাংক এবার রেখেছে জাকির হাসান, সাহাদাত হোসেন দিপু, হাসান মাহমুদ ও নাজমুল অপুকে। নতুন করে দলে টেনেছে ওপেনার নাইম শেখ ও সাব্বির হোসেনকে। ব্যাটিং লাইনআপে শক্তি বাড়াতে দলে ভিড়িয়েছে শামীম পাটোয়ারীকে।

পেস বোলিং ডিপার্টমেন্টও শক্তিশালী করতে হাসান মাহমুদের সঙ্গে দলে টানা হয়েছে সৈয়দ খালেদ আহমেদ ও আব্দুল্লাহ আল মামুনকে। আর স্পিন বিভাগেও বড় চমক রেখেছে তারা। আগেরবার শাইনপুকুরে খেলা লেগস্পিনার রিশাদ হোসেন এবার খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। সঙ্গে থাকছেন অভিজ্ঞ আরাফাত সানি ও অফস্পিনার নাহিদ ইসলাম।

তিন শীর্ষ দল এগিয়ে

মোহামেডান, আবাহনী ও প্রাইম ব্যাংকের দল গঠনের খবর এখন ক্রিকেট মহলে সবচেয়ে আলোচিত। তবে লিজেন্ডস অব রূপগঞ্জ, শেখ জামাল ধানম-ি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মতো দলগুলোও লড়াইয়ে থাকবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩ মার্চ মাঠে গড়ানোর আগেই উত্তেজনায় ফুটছে ঢাকা প্রিমিয়ার লিগ। বিপিএলের আমেজ শেষ হতে না হতেই ঘরোয়া ক্রিকেটের আরেকটি মহাযজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছে দেশের ক্রিকেট অঙ্গন!