দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে জাতিসংঘের প্রতিশ্রুতি

বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়নে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ক্রিস্টিন ড্যামকজার। তিনি বলেছেন, ইউএনওপিএস বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোকে সহজলভ্য ও টেকসই সমাধান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অত্যন্ত গর্বিত যে, আমাদের অংশীদারদের সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে তার স্বাস্থ্যসেবা লক্ষ্য অর্জনে সমর্থন দিতে পারছি।

গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বাংলাদেশের যে ২৯টি হাসপাতাল এই হাসপাতালে ইউএনওপিএস গ্লোবাল ফান্ডের অর্থায়নে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে পিএসএ (প্রেশার সুইং অ্যাডসর্পশন) প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, তার মধ্যে এটি একটি। এই প্রকল্প বাংলাদেশ সরকারের কভিড-১৯ জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে।

ইউএনওপিএস থেকে জানানো হয়েছে, এসব হাসপাতালে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মানুষের অত্যাবশ্যকীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউএনওপিএস অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সংগ্রহে সহযোগিতা করছে। বিশেষ করে অক্সিজেন থেরাপি ইউনিট স্থাপনের মাধ্যমে হাসপাতালের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নত করেছে। এর ফলে কভিড-১৯ মহামারীর মতো স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে মানুষের জরুরি চিকিৎসাসেবা প্রদান সম্ভব হয়েছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. হালিমুর রশীদ বলেন, এই উদ্যোগটি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনবে। দীর্ঘদিন ধরে আমরা সিলিন্ডার-ভিত্তিক অক্সিজেনের ওপর নির্ভর করে আসছি, যা প্রায়ই অবিশ্বস্ত, ব্যয়বহুল এবং জরুরি পরিস্থিতিতে ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে।