থেমে থাকা বাসে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে ঘুমন্ত হেলপারের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থেমে থাকা গাংচিল পরিবহণ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা জাহাবির মিয়া (১৪) নামের হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার  বালিগাঁও বাজার সংলগ্ন সেতুতে এ ঘটনা ঘটে। নিহত জাহাবির লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। বাসের ভিতর হেলপার ঘুমিয়েছিল। পুরো শরীর দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বাসটিতে কোন বৈদ্যুতিক সংযোগ ছিলো না। তবে কেউ আগুন লাগিয়েছে কিনা, কিংবা কীভাবে আগুনের সূত্রপাত তার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে।

নিহতের মা মুন্নী বেগম বলেন, আমার স্বামী নেশাপাানি করে। আমার ও আমার সন্তানদের কোন খোজঁ খবর নেয়না। আগে আমার ছেলেটাকে বোরকার কাজে দিয়েছিলাম। দুবছর যাবত গাড়ির হেলপারের কাজ করে। রাতে গাড়িতেই ঘুমাতো । মাঝে মধ্যে বাড়িতে আসতো। ছেলেটা আমাদের আয় করে খাওয়াতো।

টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বাসে ঘুমন্ত চালকের সহকারী নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে।