অটোরিকশা চালক ও স্কুল ছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন শেষে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় থানার দরজা ও জানালা, আসবাবপত্র ও ৫ টি গাড়ি ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সিরাজদিখান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জড়ো হয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদিখান থানায় অতর্কিত হামলা চালায়।
এ সময় সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সিরাজদিখান থানার ওসির পুলিশ ভ্যান এবং থানা কম্পাউন্ডের ভেতর থাকা ৩ টি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীরা থানার ভেতর দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধন শেষ করে অতর্কিত হামলা চালানো হয়। এসময় বেশ কিছু গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। নিখোঁজ ছাত্রের সন্ধানে মানববন্ধনকারীরা ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে।
প্রসঙ্গত: জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। সে পাশ্বর্বর্তী শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। সংসারের অভাব অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতো রোমান শেখ।