চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে দাপট দেখালো ভারত। শুবমান গিলের দুর্দান্ত শতক ও শ্রেয়াস আইয়ারের ঝড়ো ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩৫৬ রান তোলে স্বাগতিকরা। এই বিশাল সংগ্রহ গড়তে সহায়তা করেন বিরাট কোহলি ও কেএল রাহুলও।
শুবমান গিলের জন্য ম্যাচটি ছিল বিশেষ—এটি তার ৫০তম ওয়ানডে। আর সেই ম্যাচে তিনি করলেন ১১২ রানের অনবদ্য ইনিংস। ভারতের হয়ে প্রথম ৫০ ওয়ানডেতে এত শতক আর কারও নেই। নাগপুর ও কটকে যথাক্রমে ৮৭ ও ৬০ রানের ইনিংস খেলার পর আহমেদাবাদের গরমে এসে আরেকটি শতরান করলেন তিনি।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান। তার সিদ্ধান্ত শুরুতেই সঠিক মনে হচ্ছিল, কারণ মাত্র দুই বল টিকেই আউট হয়ে যান রোহিত শর্মা। তবে এরপর গিল ও কোহলির জুটি ভারতকে বড় সংগ্রহের ভিত্তি দেয়। কোহলি ৫০ রান করে আউট হন আদিল রশিদের ঘূর্ণিতে। এই লেগ স্পিনারই পরে শ্রেয়াস আইয়ার (৭৮), হার্দিক পান্ডিয়া (১৬) ও গিলকে ফেরান, নিয়েছেন ৬৪ রানে ৪ উইকেট। ভারতের মাটিতে এটিই তার সেরা বোলিং ফিগার।
শেষদিকে কেএল রাহুলের ৪০ রানের ইনিংস এবং টেল-এন্ডারদের ছোট ছোট অবদান ভারতের স্কোরকে ৩৫০ পার করায়। যদিও শেষ সাত বলে মাত্র ৩ রান তুলতেই শেষ তিনটি উইকেট হারায় তারা।
ইংল্যান্ডের জন্য ইতিবাচক দিক একটাই—ব্যাটিং লাইনআপে তারা শক্তি বাড়িয়েছে, দলে ফিরেছেন টম ব্যানটন। তবে ৩৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তাদের সামর্থ্যের কঠিন পরীক্ষা দিতে হবে।