ওয়ার্ল্ড সামিটে যোগ দিতে দুবাই গেলেন প্রধান উপদেষ্টা

বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা হন।

দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।