সরকার গোপন বৈঠকের মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এই সরকারের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা তা না করে সকাল-বিকাল শুধু সংস্কারের জারি গান শোনাচ্ছে। আমরাও সংস্কারের প্রস্তাব দিয়েছি। কিন্তু সরকার নিরপেক্ষতা হারিয়ে গোপন বৈঠকের মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা যদি সত্যিকারের ইতিবাচকভাবে কাজ করে, তবে ইতিহাসে ভালোভাবে লেখা থাকবে।’
বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না অথচ বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। এই সিন্ডিকেট ভাঙার কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।’
তিনি বলেন, ‘আমরা এক দফার আন্দোলন করেছি, যার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই ১৬ বছরে আমরা কী পেলাম? কেন এত শহীদ হলেন? কেন এত মানুষ নির্যাতিত হলেন? বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু উল্টো বিএনপি আরও শক্তিশালী হয়েছে।’
গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ‘গণতন্ত্র ও দেশের স্বার্থে আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া কখনো কোনো আপোষ করেননি। তিনি নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তবুও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমান সরকার চায় না জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। তারা জানে, নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে।’