রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। এতে ৭৮ তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুল্লাহকে আহ্বায়ক এবং মো. আল রাকিবকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। আগামী ৬ মাসের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজি নাফিস সোয়াদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিব আল আজাদ। মুখ্য সংগঠক মো. আনাছ বিন সোলাইমান এবং মুখপাত্র মাহমুদ ইয়াসমিন মালা সহ ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের ৬ মাসের বেশি সময় পর বিশ্ববিদ্যালয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হলো।