যমুনা রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো পাড়ি দিল যাত্রীবাহী ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ স্থাপিত হলো।
গতকাল বুধবার দুপুরে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের মাস্টার মনিরুজ্জামান বলেন, সকাল সাড়ে ১০টায় সয়দাবাদ রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি পৌঁছায়। পরে ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ১১টা ১৮ মিনিটে নতুন সেতু যমুনা রেলওয়ে সেতু পার হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার ইব্রাহিমাবাদ স্টেশনে ১১টা ৩৫ মিনিটে পৌঁছায়। পরে ঢাকার উদ্দেশে পাড়ি দেয়।
যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, সেতুর দুটি লাইনের মধ্যে একটি লাইনে বাণিজ্যিকভাবে ট্রেন চালু হলো। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো চলবে।